গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো প্রচেষ্টা বা ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের অবাধ চর্চা নিশ্চিত করতে সরকার শুরু থেকেই বদ্ধপরিকর।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। আলোচনার একপর্যায়ে মন্ত্রী বলেন, সাংবাদিকতার মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি জনগণকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মানহানিকর ও ভিত্তিহীন তথ্য রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বৈঠকে উপস্থিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের অধিকার সুরক্ষার বিষয়টি সমান গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ লক্ষ্যে অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এই সুরক্ষায় গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল হতে হবে।
ভুল তথ্য বা অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্বের কথা তুলে ধরে হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশনস বা অফকম এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার বড় সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























