কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক পত্রে প্রথম স্থান অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উপজেলার দশ ইউনিয়নের মধ্যে শীর্ষ স্থান অর্জন করায় মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিলাই ইউনিয়নকে ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এই ক্রেষ্ট প্রদান করেন।
জানাগেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ আইনগত, সামাজিক ও নাগরিক সেবা। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হিসেবে এই কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধনে শতকরা ৮০ ভাগ, মৃত্যু নিবন্ধনে শতকরা ৮৮ ভাগ ও সার্বিক মূল্যায়নে শতকরা ৮৩ ভাগ সাফল্য অর্জন করে।
প্রথম স্থান অর্জন করায় তিলাই ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, উদ্যোক্তা, গ্রাম পুলিশ বাহিনীসহ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সম্পৃক্ত যুব প্লাট ফরমের সকল কর্মকর্তা-কর্মচারীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, তিলাই ইউনিয়ন পরিষদের এ সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। উপজেলার অন্য ইউনিয়ন পরিষদের জন্য এটি অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে তিলাই ইউনিয়ন উপজেলার একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং জাতীয় পর্যায়ে উপজেলা তথা জেলার সুনাম বৃদ্ধি করবে।
Leave a Reply