ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের রাজনৈতিক মানচিত্রে একটি ব্যতিক্রমী চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। মোট ২৯৯টি আসনের মধ্যে গণভোটে মাত্র ১১টি আসনে ‘না’ ভোট জয়ী হলেও এসব আসনের রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রায় সবগুলোতেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিজয়ী আসনের মধ্যে ১০টি আসনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থীরা। শুধুমাত্র রাজশাহী-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী। বিএনপি-প্রভাবিত ও বিএনপি জয়ী এলাকাগুলোতেই ‘না’ ভোট শক্ত অবস্থান নিয়েছে।
গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, শুধু রাজনৈতিক দল নয়—ভোটারদের মনোভাবও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ব্যালটে। বিশেষ করে বিএনপি জয়ী আসনগুলোতে ‘না’ ভোটের আধিপত্য ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, জনমত ও গণতান্ত্রিক ধারার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশেষ করে পার্বত্য তিন জেলা ও আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে গণভোটের ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পার্বত্য অঞ্চলে টানা ‘না’ জয় পার্বত্য তিন জেলা— খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই তিন জেলার সব আসনেই গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে।
খাগড়াছড়ি আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। রাঙামাটি আসনে ‘হ্যাঁ’র তুলনায় ‘না’ ভোট বেশি পড়েছে ১ লাখ ৮ হাজার ১০৬টি। বান্দরবান আসনে ‘না’ ভোট বেশি পড়েছে ১৮ হাজার ৭৩৯টি। আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার তিনটি আসনেই গণভোটে ‘হ্যাঁ’র তুলনায় প্রায় তিনগুণ বেশি ‘না’ ভোট পড়েছে।
গোপালগঞ্জ-১ আসনে ‘হ্যাঁ’ ভোট ৫৪,৭১৬টি, বিপরীতে ‘না’ ভোট ১,২৮,২৯৮টি। গোপালগঞ্জ-২ আসনে ‘হ্যাঁ’ ৩৪,৩০২টি ও ‘না’ ১,০৭,২৯০টি। গোপালগঞ্জ-৩ আসনে ‘হ্যাঁ’ ৩৩,৪৯৮টি এবং ‘না’ ৯৩,৩৬৮টি ভোট পড়েছে।
এছাড়া গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে আরও পাঁচটি আসনে— ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, চট্টগ্রাম-৮,
চট্টগ্রাম-১২, রাজশাহী-৪।
Leave a Reply