শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মধ্যরাতে উত্তাল খুবি।
কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, সময়সীমা বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গভীর রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিলের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, খান বাহাদূর আহছানউল্লা ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
শিক্ষার্থীরা জানান, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেকের জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেকে। এছাড়া ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থার দাবি তোলেন তারা।
ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, কোনো আলোচনা ছাড়াই রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে। এই টাকা অনেক শিক্ষার্থীর জন্য অযৌক্তিক। ফি কমাতে হবে।
ইংরেজি ডিসিপ্লিনের রেজওয়ানুল হক রাদ বলেন, খুবি একটি অরাজনৈতিক ক্যাম্পাস। শিক্ষার্থী প্রতিনিধি নামে রাজনীতি ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, যা আমরা মানি না।
ব্যবসায় শিক্ষা ডিসিপ্লিনের তানভীর কবির বলেন, এক কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন ফি আগের মতো করতে হবে, সময়সীমা বাড়াতে হবে এবং ডিসিপ্লিন প্রতিনিধি বিলুপ্ত করতে হবে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মাজিদ মোস্তফা জানান, শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা হবে।
রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান বলেন, প্রশাসন থেকে ফি বাড়ানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। আইসিটি সেলের টেকনিক্যাল ত্রুটি বা রিটেক সংক্রান্ত জটিলতার কারণে বিভ্রান্তি হতে পারে।
উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খানও জানান, প্রশাসন কোনোভাবেই রেজিস্ট্রেশন ফি বাড়ায়নি। উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
Leave a Reply