কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভোটকেন্দ্র প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভুরুঙ্গামারী উপজেলায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৯২টি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র ব্যবস্থাপনা, ভোটারদের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ভোটগ্রহণের দিন কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা আইনবহির্ভূত কার্যক্রম সহ্য করা হবে না। যেকোনো সমস্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কক্ষের বিন্যাস, বিদ্যুৎ ও পানি সুবিধা, নারী ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জরুরি করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রতিষ্ঠান প্রধানরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বিভিন্ন শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভুরুঙ্গামারীতে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply