সাতক্ষীরায় ফেসবুক পেজ ও অনিবন্ধিত টিভির নামে সাংবাদিক কার্ড ইসু
- আপডেট সময় : ১১:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৪১৩২ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় ফেসবুক পেজ ও অনিবন্ধিত টিভির নামে সাংবাদিক কার্ড ইসু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে বৈধ সাংবাদিক কার্ড প্রদানের নীতিমালা জারি করা হলেও বাস্তবে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি সাতক্ষীরায়—এমন অভিযোগ উঠেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙানো কার্ডপ্রাপ্ত সাংবাদিকদের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, পেশাগত সাংবাদিক নন এমন ব্যক্তিরাও সাংবাদিক কার্ড পেয়েছেন।
তালিকায় সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুহিত গাজীর নাম পাওয়া গেছে, যিনি অনিবন্ধিত ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ‘এ ওয়ান টিভি’-এর পরিচয়ে সাংবাদিক কার্ড পেয়েছেন।
পড়ুন>> নীলফামারীতে নির্বাচন উপলক্ষে র্যাব-সেনাবাহিনীর যৌথ মহড়া
এ ছাড়া স্থানীয় ফেসবুক পেজ ‘আপন বাংলা’, অনিবন্ধিত ‘গাঙচিল টিভি’ ও ‘এনএএন টিভি’-এর নামেও বৈধ সাংবাদিক কার্ড ইস্যু করা হয়েছে বলে তালিকায় উল্লেখ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরায় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহের জন্য প্রায় ১ হাজার ২০০ জন আবেদন করেন। এর মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৭৯১ জনকে সাংবাদিক কার্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাতক্ষীরায় কর্মরত দৈনিক জনবাণী পত্রিকার সংবাদকর্মী এমডি রায়হান সিদ্দিকী বলেন, “নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিক কার্ড দেওয়ার ক্ষেত্রে নীতিমালা কঠোরভাবে মানা জরুরি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পেশাগত সাংবাদিকতার সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তি ও অনিবন্ধিত ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্মও কার্ড পাচ্ছে। এতে নির্বাচনী সংবাদ সংগ্রহের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে।”
পড়ুন>> নেত্রকোনায় গভীর রাতে চার ভোট কেন্দ্রে আগুন
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, “আমাদের কাছে একটি চেকলিস্ট রয়েছে। সেখানে অনুমোদিত জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের তালিকা আছে। সেই চেকলিস্ট অনুযায়ী যারা নির্ধারিত ক্রাইটেরিয়া পূরণ করতে পেরেছেন, শুধু তাদেরই কার্ড দেওয়া হয়েছে। আবেদন ছিল অনেক বেশি, রিজেক্টও হয়েছে অনেক।”
তবে তালিকায় থাকা কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বৈধতা নিয়ে সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের নীতিমালার আলোকে কার্ড বিতরণ প্রক্রিয়া পুনরায় যাচাই এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক ও পেশাজীবীরা।
তাদের মতে, অনিয়ম বন্ধ না হলে নির্বাচনী সংবাদ সংগ্রহের স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























