টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে উঁচু করা হলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হতে শুরু করে।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শনিবার সকাল ১০টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএল (Mean Sea Level)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির চাপ ক্রমাগত বাড়তে থাকায় বাঁধের নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকপাট খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হ্রদে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটই বর্তমানে পূর্ণ সক্ষমতায় চালু রাখা হয়েছে। এসব ইউনিট থেকে গড়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নিষ্কাশন করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জলকপাট খুলে পানি ছাড়ার সম্ভাবনার কথা জানিয়ে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছিল।
জলকপাট খুলে দেওয়ার পর কর্ণফুলী নদীর নিম্ন অববাহিকা, তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। হ্রদের পানি আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে জলকপাট আরও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
শনিবার দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে জলকপাট দিয়ে পানি ছাড়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে নদীতীরবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামসহ জেলা প্রশাসন ও কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply