মাদারীপুরের মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে ঘটা এই বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ইতালি প্রবাসী ও স্থানীয় যুবদল নেতা রাজ্জাক মোল্লার মালিকানাধীন ওই পরিত্যক্ত বাড়িতে গোপনে বিস্ফোরক তৈরির কাজ চলছিল।
প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে বাইরে থেকে কারিগর এনে এই বোমা তৈরির আয়োজন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত রাজ্জাক মোল্লা এলাকায় না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বিস্ফোরণে আহতদের মধ্যে সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকন নামে চারজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। স্থানীয় সূত্রের দাবি, বিস্ফোরণের পরপরই আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের অবস্থান ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে। তিনি স্থানীয় মফিজ গাজীর ছেলে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply