প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গাজীপুর থেকে সিফাত আবদুল্লাহ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ শুক্রবার সকালে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিফাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে মামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা সিফাতের মুক্তির দাবিতে গতকাল রাতে গাছা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। রাত দুইটার পর তাঁরা থানা এলাকা ত্যাগ করেন। স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্যমতে, সিফাত দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক মন্তব্য প্রচার করছিলেন। সম্প্রতি তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সিফাতকে এনসিপির সমর্থক ও ইনকিলাব মঞ্চের ভক্ত হিসেবে দাবি করে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান বলেন, সিফাত এনসিপি ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করতেন। তাঁকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। গ্রেপ্তারের প্রতিবাদে আলী নাছের খান তাঁর ফেসবুক আইডিতে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন। সর্বশেষ একটি পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘কমিশনার সাহেব, সিফাত ইস্যু জাতীয় পর্যায়ে পৌঁছেছে। তাকে মুক্তি না দিলে এটি আন্তর্জাতিক রূপ নেবে। খুবই নরমভাবে বললাম, নিজেদের ভালোটা বুঝুন এবং নাগরিকদের পাশে থাকুন।’
এনসিপির নেতা-কর্মীদের দাবি, সিফাত জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, অনিয়ম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও বিদ্যুৎ বিলের মতো বিষয়গুলো নিয়ে নিয়মিত সমালোচনা করতেন। সিফাতের ফেসবুক আইডিতে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে, যেখানে তাঁকে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, তাঁর বাসায় চলতি মাসে চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।
সূত্র: প্রথম আলো
Leave a Reply