১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ
- আপডেট সময় : ০৮:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ
গত ১৭ বছরে পাসের হার বৃদ্ধি ও জিপিএ-৫ প্রদর্শনের নামে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
শনিবার মিরসরাই জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন। আবিদুল ইসলাম খান বলেন, বর্তমান সময় থেকে মেধা ও সততার ভিত্তিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। তিনি বলেন, জিপিএ-৫ পাওয়াটা আসল বিষয় নয়, শিক্ষার্থীদের সৎ ও যোগ্য হিসেবে গড়ে তোলাই আসল বিষয়। বিগত ১৭ বছরের অন্ধকার সময়ে পাসের হার বাড়ানো ও জিপিএ-৫ দেখানোর নামে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
পড়ুন>>বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান
দক্ষিণ আফ্রিকার একটি বিশ্ববিদ্যালয়ের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, বরং পরীক্ষা পদ্ধতিতে জালিয়াতির সুযোগ করে দেওয়াই যথেষ্ট। কারণ, এভাবে অসাধু উপায়ে উত্তীর্ণ ডাক্তার, প্রকৌশলী বা আইনজীবীদের হাতে রাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপদ থাকতে পারে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল ভালো ফল অর্জনে অহংকার না করে বাবা-মা ও শিক্ষকদের আদর্শ ধারণ করে প্রকৃত মানুষ হওয়ার সাধনা করতে হবে। পাশাপাশি, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখার আহ্বান জানান তিনি। সেই গলদযুক্ত পরীক্ষার মাধ্যমে যে ডাক্তার, প্রকৌশলী কিংবা আইনজীবী বের হবে, তাদের হাতে দেশ ও রাষ্ট্র ধ্বংস হবে।
মিরসরাই উপজেলা ছাত্রদলের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
পড়ুন>>আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দীন, মোহাম্মদ আলমগীর, নাসির উদ্দিন, আমিনুল ইসলাম তৌহিদ ও জাহিদুল আফছার জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক পরিষদ মিরসরাই শাখার সাধারণ সম্পাদক সুভাষ সরকার এবং শিক্ষার্থীদের পক্ষে তাজরিয়ান জামান ভূঁইয়া ও সাইফা ইসলাম নিজেদের অনুভূতির কথা জানান।
মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্য সচিব নাঈম সরকারের সঞ্চালনায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৩০০ জন কৃতি শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

























