পরকীয়া, একাধিক বিয়ে, প্রতারণা ও নির্যাতনের অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোশারফ হোসেন মিঠু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গোনাইরকুটি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন মন্ডলের ছেলে মোশারফ হোসেন মিঠু ২০০৭ সালের ২৬ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন লাভলীকে বিয়ে করেন। দাম্পত্য জীবনের প্রায় ১৮ বছর পর তিনি মনিকা খাতুন (৩০) নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার ভুয়া কাগজপত্র দেখিয়ে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর নোটারি পাবলিক ও নিকাহ রেজিস্ট্রার অফিসে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে মনিকাকে বিয়ে করেন মিঠু। তবে বিয়ের মাত্র ১২ দিন পর মনিকাকেও তালাক দেন তিনি।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এক কন্যাসন্তানের কথা বিবেচনা করে মিঠু ভুল স্বীকার করে পুনরায় কাবিননামার মাধ্যমে প্রথম স্ত্রী লাভলীর সঙ্গে সংসার শুরু করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মনিকা ২০২৫ সালের ৫ জানুয়ারি যৌতুক নিরোধ আইনে মিঠুর বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে চার লাখ টাকা জরিমানা দিয়ে মামলাটি নিষ্পত্তি করা হয়।
এদিকে, মামলার পরও মিঠুর বিরুদ্ধে পুনরায় পরকীয়ায় জড়ানোর অভিযোগ ওঠে। এবার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের ‘সোমা’ নামের এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই সোমার বিরুদ্ধে পূর্বে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছিল এবং সে সময় তাকে গ্রেফতারও করা হয়।
পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে সোমা আবারও মিঠুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম স্ত্রীর বেতন ও গচ্ছিত প্রায় দুই লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে মিঠু পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন প্রথম স্ত্রী লাভলী।
একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সোমাকে জড়িয়ে ধরে “বিয়ে করে ফেললাম আলহামদুলিল্লাহ” লিখে স্ট্যাটাস দেন মিঠু, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে প্রথম স্ত্রীর ওপর নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে ২০২৫ সালের ১২ নভেম্বর কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা দায়ের করেন লাভলী। মামলার পর থেকে পলাতক ছিলেন মিঠু।
অবশেষে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২০২৬ সালের ৩০ এপ্রিল ভূরুঙ্গামারী থানা পুলিশ সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
অন্যদিকে, জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের সাজু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮)কে পৃথক দুইটি জিআর মামলার ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার জিআর মামলা নং ১১৮/২৪ (ধারা ৪৫৭/৩৮০/৪১১) এবং নাগেশ্বরী থানার জিআর মামলা নং ৪২/১৯ রয়েছে। তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply