লাউড়েগরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১৫।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর লাউড়েগর ইজারা বহির্ভূত এলাকায় প্রকাশ্যে অবৈধভাবে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজের চোখের সামনে এসব অবৈধ কার্যক্রম চললেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২২ নভেম্বর) সকালে লাউড়েগর বাজারসংলগ্ন ইজারা বহির্ভূত নদীপাড়ে জামাল বাহিনীর সহযোগী হিসেবে পরিচিত আক্কাস মিয়া সেভ মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন। এসময় বারকি শ্রমিকরা নৌকা নিয়ে পার হওয়ার সময় সেভ মেশিনের বাঁধার মুখে পড়েন।
শ্রমিকরা সেভ মেশিন সরাতে বললে আক্কাস বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে প্রায় ১৫ জন আহত হন।
হামলাকারীরা লাউড়েগর বাজার মসজিদের জানালার গ্লাস ভাঙচুর করেন। এছাড়া স্থানীয় বাসিন্দা তাওহিদ মিয়া ও সেলিম মিয়ার বাড়িতেও হামলা চালানো হয়। পরে স্থানীয় মুরব্বিয়ানের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুরুতর কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক বলেন, “খবর পেয়ে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছিল। আমাদের অভিযানের তথ্য আগেই কীভাবে বালু খেকোর কাছে পৌঁছে যায় বুঝি না। অনেক সময় হাতেনাতে ধরি, আবার অনেক সময় তারা আগেই সরে যায়।”
এসআই হাফিজের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি আমিও শুনেছি। তদন্তের জন্য ওসিকে জানাবো।”
বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজ বলেন, “আমরা কোনো সেভ মেশিন পাইনি। শুধু দুই পক্ষের মারামারি হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।”
তাহিরপুর থানার ওসি মোঃ দিলোয়ার হোসেন জানান, “বালু ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফাঁড়ির ইনচার্জের যোগসাজশের বিষয়ে আমার জানা নেই। প্রমাণ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply