ঢাকায় আরও ২ দফা ভূমিকম্প অনুভূত: উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী।
রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দু’বার এই ভূ-কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৩.৭। উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা।
দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে, যার মাত্রা ৪.৩। উৎপত্তিস্থল নরসিংদী।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, গভীরতা ১০ কিলোমিটার। মাত্রা রেকর্ড করে ৪.৩।
ভারতের আবহাওয়া অধিদপ্তর ও ইএমএসসি জানায়, আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭, গভীরতা ১০ কিলোমিটার। ঢাকার পাশাপাশি ভুটানের রাজধানী থিম্পুতেও কম্পন অনুভূত হয়েছে।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু ও আতঙ্কে দৌড়ানোর সময় বা ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ৪ শতাধিক মানুষ আহত হন।
Leave a Reply