টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর যুবদলের এক নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ইউসুফ খান (৩২) উপজেলার আজগানা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঘাগড়াই গ্রামের দুলাল খানের ছেলে। গত ১৩ মার্চ রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ইউসুফ মাটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার দিন রাতে ব্যবসায়িক কাজে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরদিন একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে জানানো হয়, তাকে নাকি পুলিশ আটক করে থানায় নিয়েছে।
তবে থানায় গিয়ে তার কোনো সন্ধান না পেয়ে পরিবার দিশেহারা হয়ে পড়ে। পরে তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার রাতে ইউসুফের মাটিবাহী গাড়ি যাওয়ার সময় হানিফ সিকদারের একটি গাছ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ইউসুফের সঙ্গে স্থানীয় কয়েকজনের তর্ক-বিতর্ক হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই পরবর্তীতে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে রিজন ও হানিফ নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুড়াতলী এলাকার একটি ইটভাটার পাশ থেকে বালু ও ইট দিয়ে চাপা দেওয়া অবস্থায় ইউসুফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।”
উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
Leave a Reply