রাজবাড়ীর পাংশায় মুদি দোকানের ভিতরে ফ্লোরের বালির নিচে চাপা পড়া অবস্থায় মো. কাজল মিয়া (১৭) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মোঃ কাজল মিয়া উপজেলার যশাই ইউপির ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক মো. মনিরুল মিয়ার বড় ছেলে।
কাজলের বাবা মনিরুল মিয়া বলেন গত ২০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় একই ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ তার ছেলে কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
পরে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞেস করলে নাহিদ বলেন রাত ১১টার সময় কাজল বাড়িতে ফিরে গেছে।
আজ সকালে আমি থানায় অভিযোগ করতে যাই পরে বাড়ি থেকে একজন ফোন করে বলে যে মাসুদের দোকান ঘরের নিচ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি উড়ছে। পরবর্তীতে স্থানীয় মেম্বার সহ কয়েকজন মিলে দোকান ঘরের ফ্লোর ভেঙে দেখতে পায় যে লাশ মাটির নিচে চাপা পড়ে আছে। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে এসে দোকানের ফ্লোর ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
Leave a Reply