তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নতুন মন্ত্রী আন্দালিভ রহমান স্পষ্ট করেছেন যে, সংবাদমাধ্যমকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা হবে না। বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এই সভায় তিনি সরকারের লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, সরকারের প্রতিটি কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া এই মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে জাতীয় ঐক্য বজায় রাখা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের গর্বের বিষয়গুলো সমুন্নত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং নৈতিকতার প্রশ্নে সরকার আপসহীন অবস্থানে রয়েছে।
গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে নানা সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের মুখেও গণমাধ্যম সরকারের অনিয়ম, ব্যর্থতা এবং নির্যাতনের চিত্র সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় সংবাদমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মন্ত্রণালয়ের কাজ হলো রেগুলেট বা নিয়মকানুন তদারকি করা, কিন্তু তা কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের পর্যায়ে না পৌঁছায়।
রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে গত ১৭ বছরে যে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত ক্ষতি হয়েছে, তা মেরামত করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বিচার বিভাগ, রাজনীতি ও সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি নতুন ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। সরকার পরিচালনা একটি সম্মিলিত প্রচেষ্টার কাজ উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক ও আমলাতান্ত্রিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তগুলো জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য। জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে, কারণ তাদের ভোটের মাধ্যমেই এই সরকার নির্বাচিত হয়েছে।
সূত্র: দৈনিক এইদিন
Leave a Reply