কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে দৌলতপুর কলেজ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে সমবেত হয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন।
এ তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দৌলতপুর সদর ইউনিয়নের বাসিন্দা মৃত মজিবুর রহমানের ছেলে আলতাব হোসেন (৫২) নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তির জবানবন্দি অনুযায়ী মিছিলের প্রস্তুতিকালে সেখানে প্রায় ৬৬ থেকে ৭৬ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঘটনাস্থল থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নামে একটি ব্যানারও জব্দ করা হয়েছে।
অভিযানে অংশ নেন এসআই সোহানুর রহমান, এসআই লিংকন সরকার, পিএসআই ব্রজেন মণ্ডল, পিএসআই তারিকুল ইসলাম, এসআই মতিয়ার রহমান, এসআই বিপ্লবসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৫) এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় দৌলতপুর থানার এসআই সোহানুর রহমান বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন, যা পরবর্তীতে মামলায় রূপান্তরিত হয়। আটক আলতাব হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
দৌলতপুরে যুবলীগ নেতা আটক, কুষ্টিয়া দৌলতপুর সংবাদ, আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল, দৌলতপুর থানার অভিযান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা, কুষ্টিয়া সর্বশেষ খবর, যুবলীগ নেতা গ্রেপ্তার, দৌলতপুর কলেজ গেট ঘটনা।
Leave a Reply