দুই টাকা নিয়ে তর্কাতর্কি, যাত্রীকে ছুরিকাঘাত।
ঢাকা থেকে ঝিনাইগাতী আসার পথে তাকিফ পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়াকে কেন্দ্র করে বাসের সুপারভাইজারের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাকিল আহমেদ নামে এক যুবক। তিনি নকলা উপজেলার ডিজিটাল গণপদ্দী ইউনিয়নের বাড়ইকান্দি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
রোববার দুপুরে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের নকলা ও সদর উপজেলার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। আহত যুবককে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর ফুফাতো ভাই হাসানের ভাষ্য, সাকিল নকলা থেকে শেরপুরে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। এ সময় বাসের সুপারভাইজার তাঁর কাছে ভাড়া চান। ছাত্র হিসেবে সে গাড়ির ভাড়া অর্ধেক দিতে চাইলে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সরকার নির্ধারিত ভাড়া ৪৩ টাকা নিতে রাজি হন সুপারভাইজার। ভাঙতি টাকা না থাকায় সাকিল ৪৫ টাকা রাখতে বলেন। কিন্তু কিছুতেই দুই টাকা বেশি নিতে রাজি হননি সুপারভাইজার। এক পর্যায়ে সাকিলের সঙ্গে সুপারভাইজার, হেলপার ও চালকের তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় চালকের সিটের সামনে থাকা একটি ছুরি নিয়ে সাকিলের পিঠে আঘাত করে সুপারভাইজার।
অবস্থা খারাপ দেখে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে চালক গাড়ি দ্রুত চালিয়ে শেরপুর অষ্টমীতলা বাস টার্মিনালে নিয়ে যান। ইতোমধ্যে বাসের কয়েকজন যাত্রী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানালে পুলিশ গিয়ে বাসটি আটক করে। কিন্তু বাসের চালকসহ সবাই পালিয়ে যায়। পরে টার্মিনাল এলাকা থেকে চালক আলমগীরকে আটক ও বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বাসচালককে আটক করা হয়েছে। সুপারভাইজারসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply