জনপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি তার এই চ্যানেলে ‘না জাগলে’, ‘মেঘলা আকাশ’, ‘জন্মের পরে’ ও ‘রবি ঠাকুর’ শিরোনামে চারটি মৌলিক গান ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়েছে। গানগুলো নিয়ে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এই শিল্পী।
প্রকাশিত গানগুলোর প্রতিটিই লিখেছেন দিঠির প্রয়াত বাবা, উপমহাদেশের প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। এর মধ্যে দেশাত্মবোধক ‘না জাগলে’ গানটির সুর করেছেন সজল দাশ এবং সংগীতায়োজন করেছেন অপু আমান। বাকি তিনটি গানের সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অপু আমান। নিজের বাবার শেষ জীবনে লিখে যাওয়া এই গানগুলো নিয়ে দিঠি বলেন, ‘ইচ্ছে ছিল আব্বু বেঁচে থাকতেই চ্যানেলটি শুরু করব। আব্বু তাঁর শেষ সময়ে গানগুলোর সুরের দায়িত্ব অপুকে দিয়েছিলেন। তিনি আজ বেঁচে থাকলে এগুলো দেখে খুব খুশি হতেন।’
গানের পাশাপাশি নতুন এক প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন দিঠি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পুনর্গঠিত ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’-এর সদস্য হিসেবে তিনি মনোনীত হয়েছেন। চলচ্চিত্র শিল্পের কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যেই এই বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গেছে।
নতুন এই দায়িত্বপ্রাপ্তি নিয়ে উচ্ছ্বসিত দিঠি আনোয়ার বলেন, ‘বাবার মতোই আমিও মনেপ্রাণে একজন চলচ্চিত্র ও সংগীতপ্রেমী মানুষ। সরকারের দেওয়া এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।’
সূত্র: Daily Amar Desh
Leave a Reply