সাপ ধরতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু; খেয়ে ফেললেন সেই সাপ আরেক সাপুড়ে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষধর সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সেই খবর শুনে ঘটনাস্থলে আসেন অপর আরও এক সাপুড়ে। এসেই সেই সাপ খেয়ে ফেললেন তিনি।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার বল্লোবের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি ওই ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।
বিষধর গোখরা সাপ কাঁচায় খাচ্ছেন সাপুড়ে মোজাহার আলী
স্থানীয়রা জানান, বুধবার সকালে ইমরান আলীর বাড়িতে একটি সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেয়া হয়।
খবর পেয়ে সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় বিষধর সাপটি ধরে। বেশ কিছুক্ষণ লেজ ধরে সাপটিকে ঝুলিয়ে রাখার পর বস্তুায় ভরানোর সময় হাতে কামড় দেয় তার। এর কিছুক্ষণ পর শরীরে বিষ ক্রিয়া শুরু হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
সাপের কামড়ে সাপুড়ের মৃত্যুর খবর শুনে মোজাহার নামের আরেক সাপুড়ে এসে হাজির হন ঘটনাস্থলে। এসে আটক করা বিষধর গোখরা দেখে মহাখুশি। সেই বিষধর সাপ খেয়ে তৃপ্তির ঢেকুর তুললেন তিনি।

বিষধর সাপ খেকো সাপুড়ে মোজাহার মিয়া
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামের বাসিন্দা। বাবা মৃত রইচ উদ্দিন ব্যাপারী। দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন প্রজাতির সাপ, বিচ্ছু, কাঁচা গরুর মাংস ও ভুঁড়ি খেয়ে আসছেন। মোজাহার মিয়া অখাদ্য প্রাণি সাপ, ইঁদুর, ব্যাঙ খেয়ে সমাজের কাছে তিনি সমালোচনার পাত্র হয়ে উঠেছেন।
তার এ অভ্যস্ততা ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে। সাপ ভক্ষণের কারণে দাম্পত্য জীবনে তিনি পড়েছেন নানান বিড়ম্বনায়। একাধিক বিয়ে করে ধরে রাখতে পারেননি কোনো স্ত্রীকে। ফলে ঘর-সংসারে একাকীত্বে দিন কাটছে সাপ খেকো এই মানুষটির।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply