মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় হতাশ হয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটিতে উঠে আত্মহত্যা করেছেন নিয়ামুল ইসলাম নীরব(২০) নামে এক শিক্ষার্থী—এমন অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বালাপাড়া এলাকায় ৩৩ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছেন স্বজনরা। নীরবের চাচা আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
নিহত নীরব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকার বাসিন্দা। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম—দুজনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। দুই ভাইয়ের মধ্যে নীরব ছিলেন বড়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি রংপুরে অবস্থান করছিলেন।
পরিবারের বরাতে জানা যায়, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রবিবার দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যার দিকে পরিবার জানতে পারে, তিনি বৈদ্যুতিক খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের সঙ্গে শরীর এলিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীর দগ্ধ হয় এবং একপর্যায়ে নিচে পড়ে যান।
নীরবের বাবার নম্বরে যোগাযোগ করা হলে তার চাচা আবু বকর সিদ্দিক ফোন রিসিভ করে জানান, মেডিক্যালে পড়ার সুযোগ না পাওয়ার কষ্ট থেকেই এই ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। তিনি বলেন, “ওর বাবা-মা এখন কথা বলার মতো অবস্থায় নেই। লাশ বাড়িতে আনা হয়েছে এবং পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক জানান, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়েছেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের সবাই শোকে স্তব্ধ। সন্ধ্যায় দাফন সম্পন্ন হবে।”
Leave a Reply