কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুকুরে ডুবে ছকিনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গার পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছকিনা বেগম ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি সরকারি বয়স্ক ভাতার সুবিধাভোগী ছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন। অনেক সময় পথ হারিয়ে ফেললে পরিবারের সদস্যরা খোঁজ করে তাকে বাড়িতে ফিরিয়ে আনতেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে খাওয়া-দাওয়া শেষে ছকিনা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময়েও তিনি বাড়িতে ফিরে না আসায় দুপুরের দিকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে স্থানীয়রা পাটেশ্বরী বাজার সংলগ্ন একটি পুকুরে এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরপাড় দিয়ে হাঁটার সময় পা পিছলে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply