প্রতিবেশী দেশে জ্বালানি তেলের দাম কত? দেখুন সর্বশেষ তালিকা
- আপডেট সময় : ০৭:০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটের প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে। এ কারণে বাংলাদেশেও নতুন করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশের এই মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ২১ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত প্রাপ্ত আন্তর্জাতিক তেল সূচক ও দক্ষিণ-পূর্ব এশীয় বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী প্রতিবেশী দেশগুলোর খুচরা বাজারের চিত্র বিশ্লেষণ করা হয়েছে।
ভারতের বাজারে রাজ্যভেদে জ্বালানি তেলের দামে ভিন্নতা রয়েছে, যার প্রধান কারণ হলো বিভিন্ন রাজ্যে কার্যকর ভ্যাট ও শুল্কের হার। দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২ দশমিক ১২ থেকে ১১৬ দশমিক ১৫ ভারতীয় রুপি বা প্রায় ১৩১ থেকে ১৪৯ টাকা পর্যন্ত। প্রিমিয়াম অকটেনের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ১১৫ দশমিক ৫০ থেকে ১২০ রুপি (প্রায় ১৪৮-১৫৪ টাকা)। এছাড়া ডিজেলের দাম রাজ্যভেদে ৯৫ দশমিক ২০ থেকে ১০৪ দশমিক ২৩ রুপির মধ্যে সীমাবদ্ধ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ থেকে ১৩৪ টাকার সমান।
পাকিস্তানের বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেশি। সেখানে সুপার বা প্রিমিয়াম ইউরো-৫ পেট্রোল প্রতি লিটার ৩৯০ পাকিস্তানি রুপি বা প্রায় ১৭৩ টাকায় বিক্রি হচ্ছে। অকটেনের দাম ৩৯৫ থেকে ৪০০ রুপির (প্রায় ১৭৫-১৭৭ টাকা) মধ্যে। এছাড়া হাইস্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি বা প্রায় ১৮৮ টাকা এবং হালকা ডিজেলের দাম ৩০৪ রুপি বা প্রায় ১৩৪ টাকা ৬৭ পয়সা নির্ধারিত রয়েছে।
শ্রীলঙ্কায় ৯২ অকটেন পেট্রোল প্রতি লিটার ৩৯৯ শ্রীলঙ্কান রুপি বা প্রায় ১৪৮ টাকা ২৪ পয়সায় বিক্রি হচ্ছে। ৯৫ অকটেনের দাম ৪৭৫ রুপি বা প্রায় ১৭৬ টাকা ৪৭ পয়সা। ডিজেলের দাম ৩৮২ থেকে ৪৭৮ রুপির মধ্যে ওঠানামা করছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪২ থেকে ১৭৮ টাকা। অন্যদিকে নেপালে প্রতি লিটার পেট্রোল ১৯৭ থেকে ২০০ নেপালি রুপি বা প্রায় ১৫৮ টাকায় পাওয়া যাচ্ছে। দেশটিতে অকটেনের দাম ২৯৫ রুপি (প্রায় ২৩৬ টাকা) এবং ডিজেলের দাম ১৯৭ থেকে ২০০ রুপি বা প্রায় ১৫৮ থেকে ১৬০ টাকা।
মিয়ানমারের বাজারে জ্বালানির দাম তুলনামূলকভাবে বেশ চড়া। সেখানে পেট্রোল প্রতি লিটার ৩ হাজার ৭১০ থেকে ৩ হাজার ৮১৫ কিয়াত বা প্রায় ২১৮ থেকে ২২৪ টাকায় বিক্রি হচ্ছে। ৯৫ অকটেনের দাম ৪ হাজার ৯২ কিয়াত বা প্রায় ২৪১ টাকা এবং ডিজেলের দাম ৪ হাজার ৩৩১ কিয়াত বা প্রায় ২৫৫ টাকা পর্যন্ত পড়ছে।
ভুটানের জ্বালানি বাজার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে কিছুটা আলাদা। দেশটিতে ‘পেট্রোল’ ও ‘অকটেন’ নামে আলাদা পাম্প না থাকলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পেট্রোল ও ডিজেল বিক্রি হয়। মূলত অকটেন-৯৫ বা মোটর স্পিরিট প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ভুটানে পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটার ৯৯ থেকে ১০৬ গুলট্রাম বা প্রায় ১২৭ থেকে ১৩৫ টাকা। এছাড়া ডিজেলের দাম ১০৪ দশমিক ৩৮ থেকে ১০৮ দশমিক ৬২ গুলট্রামের মধ্যে, যা প্রায় ১৩৪ থেকে ১৪০ টাকা।
মূলত বিভিন্ন দেশের কর কাঠামো, শুল্ক ব্যবস্থাপনা, ভর্তুকি প্রদান, মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় বাজার নিয়ন্ত্রক ব্যবস্থার কারণে প্রতিবেশী দেশগুলোর মধ্যে জ্বালানি তেলের দামের এই পার্থক্য তৈরি হয়েছে। তথ্যসূত্র হিসেবে গ্লোবাল পেট্রোল প্রাইস, এনডিটিভি এবং সংশ্লিষ্ট দেশগুলোর জ্বালানি খাতের সরকারি ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























