নাটোর থেকে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার
- আপডেট সময় : ১১:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লা থেকে ল্যাপটপটি জব্দ করা হয়। এ ঘটনায় অন্তর কুমার সাহা নামের ২০ বছর বয়সী এক তরুণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন নিশ্চিত করেছেন।
গত বুধবার বিকেলে ক্রিল ল্যান্ডার রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে তিনি তাঁর ল্যাপটপ ও ক্যামেরাভর্তি ব্যাগটি রেখে যান। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি এবং ব্যাগ—উভয়ই হাওয়া। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, লোকটি রেলওয়ের কোনো কর্মচারী ছিলেন না। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ল্যাপটপ উদ্ধারে পুলিশের একাধিক ইউনিট একযোগে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পুলিশের একটি দল লালমনিরহাটে অভিযান চালায়। এরপর রোববারের দিকে নাটোর সদর থানার একটি দল শহরের কাফুরিয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোরে অনুসন্ধান চালায়। সেখানে অন্তর কুমার সাহা নামের ওই তরুণ পুলিশকে জানান যে, তাঁর বাবা ল্যাপটপটি কুড়িয়ে পেয়েছেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁর বাড়ি থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয় এবং রাতে ল্যাপটপসহ ওই তরুণকে সদর থানায় আনা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ল্যাপটপটি ক্রিল ল্যান্ডারের বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মুঠোফোনে জার্মান পর্যটককে ল্যাপটপ পাওয়ার বিষয়টি জানানো হলে তিনি অত্যন্ত আনন্দিত হন। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির সংশ্লিষ্টতা ও ল্যাপটপ উদ্ধারের পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























