যশোরের চৌগাছা উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন শাহিন।
এ সময় পেছন থেকে স্থানীয় সন্ত্রাসীরা এসে এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল-এ তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা তখন জানান, ৭২ ঘণ্টা পার না হলে তার অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাবে না। তবে ৭২ ঘণ্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনেও শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, “চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন- এমন খবর পেয়েছি। তবে এখনো এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ডকুমেন্টস পাইনি। পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
বিষয়টি গুরুত্বসহকারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply