ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২।
ঠাকুরগাঁও সদর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ ও অর্ণব ইসলাম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নিরব ইসলাম (১৬) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকার মৃত দেবারু মোহাম্মদের ছেলে। অপর নিহত অর্ণব ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ব্যাংরোল জিয়াবাড়ী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। আহত নিরব ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ী আমতলী এলাকার নূরে আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি পালসার মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর ব্যাংরোল এলাকায় যাচ্ছিলেন নিরব ও অর্ণব। পথে নেংড়ীরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধ আবুল হোসেনকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারী আবুল হোসেন ও মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় নিরব ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply