আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- আপডেট সময় : ০৯:০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণকে একটি সমন্বিত জাতীয় দায়িত্ব হিসেবে অভিহিত করে সভায় বিস্তর আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক চোরাচালান ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার দীর্ঘ এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও তা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস খুঁজে বের করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের অর্থনৈতিক নেটওয়ার্ক ও কালো টাকার প্রবাহ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
মাদকের ভয়াবহতা মোকাবিলায় সামাজিক বিপ্লবের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, এটি শুধুমাত্র নির্দিষ্ট মন্ত্রণালয় বা কোনো বাহিনীর একার দায়িত্ব নয়, বরং একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। অন্যদিকে, উন্নত বিশ্বের আদলে সীমান্ত সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। বিশেষ করে ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ও ব্যাপক ব্যবহারের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করার সুপারিশ করেন তিনি।
মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে এই বৈঠকে। এছাড়া বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি বাড়ানোর মাধ্যমে মাদক পাচারের ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনা করা হয়।
বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এছাড়াও সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























