কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০২:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
কাতারে কর্মরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আজম মিয়া (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। শনিবার রাতে বহুতল ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ আজম মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় পাঁচ-ছয় বছর আগে আজম কাজের সন্ধানে কাতারে পাড়ি জমান। তিনি দোহায় কর্মরত ছিলেন। শনিবার রাত আটটার দিকে তাঁর স্ত্রী সুলতানা বেগম তাঁকে ইমোতে কল দিয়েছিলেন। আজম তখন জানিয়েছিলেন, দিনের প্রচণ্ড গরমের কারণে তাঁদের রাতের শিফটে কাজ করতে হয়। কাজের তাড়া থাকায় পরে কল করার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। কিন্তু সেই কলের অপেক্ষায় থাকা সুলতানা বেগমের কাছে রোববার সকাল আটটার দিকে দুঃসংবাদটি আসে। কাতারপ্রবাসী কয়েকজন আত্মীয় তাঁকে আজমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আজম মিয়ার বড় ভাই মাতাব মিয়া জানান, চার ভাইয়ের মধ্যে আজম ছিলেন অন্যতম। পরিবারে তাঁর স্ত্রী ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আজমের পাঠানো আয়েই চলত তাঁদের সংসার। প্রায় দুই বছর আগে তিনি তিন মাসের ছুটিতে বাড়িতে এসে আবারও কাতারে ফিরে যান। এখন তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্র: প্রথম আলো


























