দেড় বছর জিম্মি রেখে পালাক্রমে ধর্ষণ, সাড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা তরুণী: এক আসামি গ্রেপ্তার, প্রধান অভিযুক্ত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক তরুণীকে দেড় বছর ধরে জিম্মি করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচা ও বন্ধুর বিরুদ্ধে। ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন নির্যাতনের ফলে বর্তমানে সাড়ে নয় মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী।
ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। থানায় মামলা হলেও একজন আসামি গ্রেপ্তার হলেও প্রধান অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের পাকুরিয়া এলাকায়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে কথা হয় ভুক্তভোগী তরুণীর মায়ের সঙ্গে। তিনি কেঁদে কেঁদে জানান, যে কোনো সময় তার মেয়ে সন্তান প্রসব করতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ভুক্তভোগীর মা জানান, প্রায় পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। মেয়ের পড়াশোনার সুবিধার জন্য তাকে আপন চাচা নাজমুল ইসলামের বাড়িতে রাখা হয়। ২০২৪ সালের দিকে চাচি বাবার বাড়িতে গেলে একা পেয়ে চাচা জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে প্রায় দেড় বছর ধরে ধারাবাহিকভাবে নির্যাতন চালানো হয়।
তিনি আরও জানান, ঘটনাটি দেখে ফেলায় মেয়ের বন্ধু মেহেদী হাসানও সুযোগ নেয় এবং তাকেও ধর্ষণ করে। এভাবে দুইজন মিলে দীর্ঘদিন ধরে ওই তরুণীকে যৌন নির্যাতনের শিকার করা হয়।
গত বছরের ৭ আগস্ট মেয়েকে ঢাকায় এনে শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে সবকিছু খুলে বলে তরুণী। এরপর ঢাকার ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার-এ পরীক্ষা করালে জানা যায়, সে ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এরপর গত বছরের অক্টোবর মাসে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার দুই নম্বর আসামি বন্ধু মেহেদী হাসান গ্রেপ্তার হলেও প্রধান আসামি চাচা নাজমুল ইসলাম এখনও পলাতক।
ভুক্তভোগীর মা অভিযোগ করেন, প্রধান আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। অর্থের বিনিময়ে গাফিলতি করা হচ্ছে বলেও অভিযোগ তার। তিনি সরকারের কাছে ন্যায়বিচার ও মেয়েসহ অনাগত সন্তানের নিরাপদ আশ্রয়ের দাবি জানান। সহায়তা না পেলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না বলেও কান্নাজড়িত কণ্ঠে জানান তিনি।
ভুক্তভোগী তরুণী গণমাধ্যমকে বলেন, “লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর মায়ের কাছে সব বলেছি। এখন শুধু ন্যায়বিচার চাই।”
নিপীড়ন বিরোধী নারীমঞ্চ রংপুরের আহ্বায়ক বীথি দাস নন্দিনী বলেন, “আইনের দুর্বল প্রয়োগের কারণেই এমন ঘটনা বাড়ছে। নারী সুরক্ষায় শক্তিশালী আইন ও কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।”
রংপুর মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের সহকারী বিশেষ প্রসিকিউটর মো. হারুন অর রশীদ মনু জোনান জানান, মামলাটি তদন্তাধীন, চার্জশিট ও ফরেনসিক রিপোর্ট এখনো আসেনি। ফরেনসিক রিপোর্টে সন্তানের পিতৃপরিচয় স্পষ্ট হবে। বাদী নিরাপত্তাহীনতায় ভুগলেও কার্যকর পদক্ষেপ না নেওয়াকে ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন তিনি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, “আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত গ্রেপ্তার করা হবে।”
রংপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন জানান, ইচ্ছার বিরুদ্ধে প্রসব করা মা ও সন্তানের জন্য রাজশাহীতে সেফ হোম রয়েছে। সেখানে মা ও সন্তানের থাকার নিরাপদ ব্যবস্থা করা হবে।
Leave a Reply