রাজধানীতে গভীর রাতে একাধিক স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন।
রাজধানীতে গভীর রাতে একাধিক স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত রায়েরবাগ, যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা গেট এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুনের সংবাদ আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আড়াইটার মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
পরে রাত ২টা ৩৫ মিনিটে বসুন্ধরা গেটের কাছে ১০০ ফিট রোড সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সবশেষ ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।
এদিকে এর আগে সোমবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, বাসটিতে কীভাবে আগুন লেগেছে বা তখন যাত্রী ছিল কিনা—তা নিশ্চিত হওয়া যায়নি।
এমন ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোর কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
Leave a Reply