বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, কাগজপত্র পুড়ে ছাই।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে টাকা রাখার ভল্ট অক্ষত রয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানা লিখিতভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply