সোনাগাজীতে দাদার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া সিদরাতুল মুনতাহা আয়াত (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের মোজাফফর বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। নিহত আয়াত ওই গ্রামের শেখ শাহাব সজীবের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আয়াতের বাবা প্রবাসী এবং সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। নানার বাড়ি ও দাদার বাড়ি কাছাকাছি হওয়ায় বৃহস্পতিবার সকালে নানির সঙ্গে সে দাদার বাড়িতে যায়। দুপুরের দিকে তাকে খুঁজে না পাওয়ায় স্বজনেরা বিভিন্ন স্থানে তল্লাশি চালান।
পুকুরে জাল ফেলেও কোনো সন্ধান না মেলায় সন্ধ্যায় সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনার ১৭ ঘণ্টা পর শুক্রবার সকালে বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তার ফুফুরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, আয়াতের মা ও বাবা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই-বোন এবং তাদের পরিবারের মধ্যে গত দুই-তিন বছর ধরে বিরোধ চলছে। শিশুটি নিখোঁজ হওয়ার পর তার দাদা থানায় জিডি করেন, আবার শিশুটির মা তার দাদা ও মা-সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply