সিলেটের গোয়াইনঘাটে আপন ভাইয়ের দায়ের কোপে কলিম উল্লাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘীরপার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলিম উল্লাহ ওই গ্রামের তুতি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলিম উল্লাহর এক মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার চাচাতো ভাই সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদের বিরুদ্ধে।
এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও কোনো প্রতিকার না পাওয়ায় শনিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাট থানায় যান কলিম উল্লাহ। সেখানে তিনি লিখিত অভিযোগ করেন।
থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে বাড়িতে ফেরার পর সয়ফুল্লাহ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কলিম উল্লাহর ওপর হামলা চালান। উপর্যুপরি কোপে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত সয়ফুল্লাহ পলাতক রয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply