সিরাজগঞ্জের রায়গঞ্জে দায়িত্ব পালনকালে এএসআই মামুনুর রশীদ নামের এক পুলিশ কর্মকর্তাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) ও স্থানীয় বাসিন্দা রুহুলের জড়িত থাকার অভিযোগ তুলেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে এএসআই মামুনুর রশীদসহ দুজন পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে ষোলমাইল বাজারে ওয়ারেন্ট সংক্রান্ত খোঁজখবর নিচ্ছিলেন।
এ সময় একটি বিবাদমান বিষয় নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে এএসআই মামুনুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে রুহুলসহ ৪-৫ জন ব্যক্তি পেছন থেকে কাঠের বাটাম দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় এএসআই মামুনুর রশীদের মাথায় গুরুতর আঘাত লাগে।
আহত এএসআই মামুনুর রশীদকে দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় চারটি সেলাই লেগেছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, “ওয়ারেন্ট সংক্রান্ত কাজ করার সময় পেছন থেকে অতর্কিতভাবে এই হামলা চালানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।”
ওসি আরও জানান, মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন এবং আহত কর্মকর্তার সাথে বিস্তারিত কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন না বলে দাবি করলেও অভিযুক্ত আনোয়ার হোসেন শেখ ওই ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন বলে নিশ্চিত করেছেন।
Leave a Reply