ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হচ্ছেন মরিসিও পচেত্তিনো
- আপডেট সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে পরিবর্তনের সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত। ক্লাবটি বর্তমান কোচ মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হিসেবে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দেয়ার ব্যাপারে নীতিগতভাবে মৌখিক সমঝোতায় পৌঁছেছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে খুব দ্রুতই ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নিতে পারেন টটেনহ্যাম ও চেলসির সাবেক এই কোচ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। তবে পচেত্তিনো দায়িত্ব নিলেই রাতারাতি ইউনাইটেডের চেহারা বদলে যাবে, এমন নিশ্চয়তা নেই।
৫৪ বছর বয়সী পচেত্তিনো বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তার নতুন চুক্তি থাকলেও সেখানে ৭০ লাখ পাউন্ডের একটি রিলিজ ক্লজ যুক্ত আছে। এই অর্থ পরিশোধের মাধ্যমেই তাকে পাওয়ার পথে হাঁটছে ইংলিশ জায়ান্টরা। নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার আগে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি থেকে মুক্তির বিষয়ে সমঝোতাসহ পচেত্তিনোর সহকারী ও অন্যান্য কোচিং স্টাফের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ফেডারেশনের সঙ্গে আলোচনা জোরদার করার লক্ষ্য রয়েছে ইউনাইটেডের। তবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা বাকি। টটেনহ্যামের দায়িত্বে থাকার সময় ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হতো।
ক্যারিক এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করছেন এবং বুধবারও দলের অনুশীলন পরিচালনা করেছেন। তবে চলতি সপ্তাহ পার হওয়ার আগেই তার বিদায়ের জোর সম্ভাবনা রয়েছে। গত মাসে বোর্নমাউথের কাছে নিজেদের মাঠে ৩-০ গোলে হারার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দানা বেঁধেছিল, যা মোনাকোয় অনুষ্ঠিত কর্মকর্তাদের সাম্প্রতিক বৈঠকের পর আরও ঘনীভূত হয়েছে। ওই বৈঠকে ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বেরাদা, ফুটবল পরিচালক জেসন উইলকক্স এবং সহমালিক স্যার জিম র্যাটক্লিফ উপস্থিত ছিলেন। সেখানে দলের মৌসুমের শুরু ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে।
পচেত্তিনোকে ইউনাইটেডে আনার চেষ্টা এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালেও তাকে পাওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত এরিক টেন হাগকে নিয়োগ দেয় ক্লাবটি। এমনকি কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনেরও তার প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ ছিল। ২০১৬ সালে লন্ডনের একটি রেস্তোরাঁয় তাদের সাক্ষাতের পর থেকেই পচেত্তিনোর ইউনাইটেডে যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০১৬ সালে লন্ডনের মেফেয়ার এলাকার একটি রেস্তরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর পচেত্তিনোর ইউনাইটেডের কোচ হওয়ার গুঞ্জন ছড়ায়।
আন্তর্জাতিক বিরতিতে হাইতির বিপক্ষে যুক্তরাষ্ট্রের আসন্ন দুটি ম্যাচে পচেত্তিনো দায়িত্বে থাকতে পারেন। এরপরই রেড ডেভিলদের সঙ্গে তার নতুন অধ্যায় শুরু হওয়ার পথ পরিষ্কার হতে পারে। তবে দায়িত্ব নেয়ার পর তার বড় পরীক্ষা হতে পারে ২২শে নভেম্বর লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে লড়াই। চেলসি ছাড়ার দুই বছর পর প্রিমিয়ার লিগে ফিরতে প্রস্তুত হলেও, শুরুতে মানিয়ে নেয়ার জন্য তাকে কিছুটা সময় দিতে হতে পারে বলে মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে ফার্গুসনের অবসরের পর পচেত্তিনো হতে যাচ্ছেন ক্লাবের অষ্টম স্থায়ী কোচ। নতুন ক্লাবে শুরুতে তার মানিয়ে নিতে সময় লাগেÑএমন বিশ্লেষণও উঠে এসেছে স্কাই স্পোর্টসের আলোচনায়।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























