লা লিগার নতুন মৌসুমের শুরুতেই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণের কারণে সেল্টা ভিগো ও ওসাসুনার মধ্যকার নির্ধারিত ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছে লা লিগা কর্তৃপক্ষ। সেল্টা ভিগোর ঘরের মাঠ এস্তাদিও দে বালাইদোসে ম্যাচটি হওয়ার কথা ছিল।
তবে খেলার অনুপযোগী হওয়ায় অপেক্ষা করতে হচ্ছে তাদের। গত বুধবার লিগ কর্মকর্তারা মাঠ পরিদর্শন শেষে নিশ্চিত করেন যে মাঠ খেলার জন্য মোটেও উপযোগী নয়। ম্যাচ শুরুর মাত্র তিন দিন আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং লা লিগা কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট দুই ক্লাবের সাথে আলোচনার পর ম্যাচটি স্থগিতের সিদ্ধান্তে তারা একমত হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ম্যাচটি আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে এই নতুন তারিখ নিয়ে ওসাসুনা তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। ওসাসুনার দাবি, তারা এবং সেল্টা ভিগো উভয়ই ম্যাচটি আগামী ২৪ বা ২৫ সেপ্টেম্বর আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তাদের মতে, আন্তর্জাতিক বিরতির সময় ম্যাচটি হলে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়ত না এবং মৌসুমের শুরুর দিকে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগও মিলত।
ওসাসুনা তাদের বিবৃতিতে অভিযোগ করেছে যে, দুই ক্লাবের অনুরোধ রাখেনি লা লিগা বা আরএফইএফ। উল্টো একতরফা ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ম্যাচটি স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলটিই আবার নতুন সূচিতে আরো বেশি ক্ষতির মুখে পড়ল। বিবৃতির শেষে ওসাসুনা কটাক্ষ করে লিখেছে, ‘এটা ফুটবল নয়, লা লিগা।’
লা লিগার এমন একতরফা সিদ্ধান্তে ফুটবল অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। ক্লাবগুলোর সাথে সমন্বয় না করে সূচি নির্ধারণের ফলে খেলোয়াড়দের ফিটনেস ও ক্লাবের প্রস্তুতির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। ওসাসুনার পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, পেশাদার ফুটবলে এমন সিদ্ধান্ত কাম্য নয়। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
যু//র
Leave a Reply