ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।
বুধবার, ৬ মে ২০২৬ ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত
‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার শিরোপা জিতেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। টুর্নামেন্টের উত্তেজনার ফাইনালে বিইউএফটি টাইব্রেকারে ৩-১ গোলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে (ডব্লিউইউবি) হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয়।
চ্যাম্পিয়ন দল হিসেবে ৫০ হাজার টাকা জিতেছে বিইউএফটি। অন্যদিকে রানারআপ ডব্লিউইউবি পেয়েছে ৩০ হাজার টাকা। বিইউএফটির রেজাউল ইসলাম হিরো টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন এবং পেয়েছেন ৫ হাজার টাকা।
আসন্ন ২৫ বছরপূর্তি উপলক্ষে ব্র্যাক ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ফিটনেস এবং ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল ক্লাব যৌথভাবে দুই দিনব্যাপী এই আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে। ৫ ও ৬ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের ১২টি শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, হেড অব স্টুডেন্ট লাইফ তাহসিনা রহমান, এসএমসি এন্টারপ্রাইজের হেড অব ফাইন্যান্স মোহাম্মদ তানভীর হোসেন এবং হাঙ্কারের সিইও ও প্রতিষ্ঠাতা শের এ মোহাম্মদ তাবিব।
৭-৫-২০২৬ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটি অফিস অফ কমিউনিকেশন্স এই তথ্য জানানো হয়েছে।
Leave a Reply