অস্কারজয়ী প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের অতি প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ বর্তমানে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে দারুণ সাড়া ফেলেছে। তবে এই গ্রিক মহাকাব্যকে পর্দায় রূপদান করতে গিয়ে নির্মাতা নিজেই শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছেন। এই ক্লান্তি কাটিয়ে উঠতে তিনি তার পরবর্তী প্রজেক্টের জন্য ভক্তদের অন্তত তিন বছর অপেক্ষা করার বার্তা দিয়েছেন।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান তার দীর্ঘ দুই দশকের স্বপ্নের এই প্রজেক্টের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রেম, যুদ্ধ, ঘরে ফেরা এবং পরিণতি পাওয়ার গল্পে নির্মিত এই সিনেমাটিকে তিনি একটি বিশাল ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। নোলান জানান, ছবির দৃশ্যধারণের প্রক্রিয়াটি মোটেও সহজ ছিল না। বিশেষ করে সাইক্লপসের গুহায় পৌঁছানোর দুর্গম পথ কিংবা উত্তাল সমুদ্রে বিশাল জাহাজের শুটিং করতে গিয়ে পুরো টিমকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল।
প্রধান অভিনেতা ম্যাট ড্যামনকে কাজের শুরুতেই নোলান সতর্ক করেছিলেন যে, ‘দ্য ওডিসি’-র মতো সিনেমা নির্মাণে হাড়ভাঙা খাটুনি ছাড়া কাজের পূর্ণতা সম্ভব নয়। নিজের ২৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এই প্রথম নোলান পুরো সিনেমাটি আইম্যাক্স ৭০ মিলিমিটার ফিল্মে শুট করেছেন। দর্শকদের সরাসরি অডিসিয়াসের জাহাজের ডেক কিংবা সাইক্লপসের গুহার অভিজ্ঞতায় নিমজ্জিত করতেই তিনি এই অভিনব সিদ্ধান্ত নিয়েছিলেন।
‘ওপেনহাইমার’-এর সাফল্যের পর ম্যাট ড্যামন, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া ও টম হল্যান্ডের মতো তারকা বহর নিয়ে তৈরি তিন ঘণ্টার এই মহাকাব্যিক থ্রিলারটি বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় প্রায় ২০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। বিশ্বমঞ্চে ঝড় তুললেও, সিনেমা তৈরির এই ক্লান্তি মুছতে আপাতত বড় পর্দা থেকে দূরে থেকে কিছুটা জিরিয়ে নিতে চান এই আইকনিক পরিচালক।
Leave a Reply