আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলা ও ক্যান্টনমেন্ট এলাকায় ভোটার তালিকার তথ্য সংশোধন, দাবি ও আপত্তি নিষ্পত্তির জন্য ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বুধবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগপ্রাপ্ত এই ১৫৪ জন কর্মকর্তা খসড়া ভোটার তালিকার ওপর দাখিল করা বিভিন্ন আবেদন নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছে ভোটার হওয়ার দাবি (ফরম-৬), তালিকার তথ্যের ওপর আপত্তি (ফরম-৭) এবং ব্যক্তিগত তথ্য সংশোধনের (ফরম-৮) আবেদন।
নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ মাঠপর্যায়ে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।
নিয়োগপ্রাপ্ত সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবে। এরপর গৃহীত সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং ৩১ আগস্ট নির্বাচন কমিশন হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।
মন্তব্য করুন