গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নাজমুস সাদাত
- আপডেট সময় : ০৬:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নাজমুস সাদাত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাজমুস সাদাত। গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)-এর ১০ (১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে এর আগেই অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে তা কার্যকর হবে।
পড়ুন>> যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
নিয়োগের শর্ত অনুযায়ী, ড. নাজমুস সাদাত তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি ও বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।



















