সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সমন্বয় রেখে বরিশালের গৌরনদীতে গ্রহণ করা হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষের অভিভাবক’—এই স্লোগানকে সামনে রেখে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেওয়ার পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের ওপর অর্পণ করা হচ্ছে। এই অভিনব উদ্যোগটি স্থানীয় অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এই কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ে গৌরনদী উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এই চারাগুলো সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ১৫ হাজার চারা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরিবেশ সচেতন ও বৃক্ষবান্ধব একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণ ও প্রকৃতির প্রতি মমত্ববোধ সৃষ্টির এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ সাড়া ফেলেছে।
মন্তব্য করুন