কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা এক কারাবন্দির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম আলী আকবর মণ্ডল (৬৭)। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীর বাসিন্দা ছিলেন এবং একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত রোববার একই হাসপাতালে আরও তিন কারাবন্দির মৃত্যু হয়। মৃতরা হলেন—আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)। তাদের মধ্যে আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে এবং আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাদুয়ার বাজার এলাকায়। এছাড়া শাহাদাত হোসেন ঢাকার মিরপুর-২ এর বড়বাগ এলাকায় বসবাস করতেন।
কারা সূত্রে জানা গেছে, মৃত ওই তিন বন্দির বিরুদ্ধে কী ধরনের মামলা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গত দুই দিনে কারাগার থেকে অসুস্থ হয়ে চারজন বন্দির মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
Leave a Reply