তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আরও বেশি সুযোগ করে দিতে নতুন একটি টুর্নামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩—এই তিন দলকে নিয়ে ৫০ ওভারের ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল। এরপর এক দিনের বিরতি দিয়ে ৩০ আগস্ট মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
এতে প্রতিটি বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা লিগ পর্বে অন্তত চারটি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবেন।
লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচই প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। যু// র
Leave a Reply