ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন
- আপডেট সময় : ০৩:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহালের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এর জেরে অন্তত চারজন জামায়াত কর্মী ও এক সাবেক ছাত্রলীগ নেতার বসতবাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া খাঁ পাড়া এবং সাড়া গোপালপুর এলাকায় এসব ঘটনা ঘটে। তাণ্ডবের সময় আটটি মোটরসাইকেল আগুনে ভস্মীভূত করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বালুমহাল দখল ও আধিপত্য নিয়ে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর অনুসারীদের সঙ্গে আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। পাশাপাশি বালু ব্যবসাকে ঘিরে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াত নেতাদেরও বিরোধিতা ছিল। এই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় কাঁকন বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে জাকারিয়া পিন্টুর ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্যসচিব মেহেদী হাসানের অনুসারী ছাত্রদল কর্মীরা। মিছিল চলাকালে কাঁকন বাহিনীর সঙ্গে তাদের সশস্ত্র সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়, এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ৭-৮ জন আহত হন।
ঘটনাক্রমে দুই পক্ষ ভিন্ন ভিন্ন অভিযোগ তুলেছে। জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, সোমবার সন্ধ্যায় তাঁরা আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় কাঁকন বাহিনী ও স্থানীয় জামায়াত কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। অন্যদিকে, স্থানীয় জামায়াত নেতৃত্বের অভিযোগ, জাকারিয়া পিন্টুর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে এসে এলাকায় তণ্ডবলীলা চালায়। সন্ধ্যার সংঘর্ষের পর রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িঘরে হামলা, লুটপাট ও আগুন দেয় হামলাকারীরা।
ক্ষতিগ্রস্ত সাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক অপকৌশল অবলম্বন করে তাদের বাড়িতে এই বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগ পরিচালনা করেছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই রাতে পৌর শহরের সাঁড়া গোপালপুর এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরীর বসতবাড়িতেও আগুন দেওয়া হয়। বিএনপির নেতাকর্মীদের দাবি, সন্ধ্যার সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় এই পলাতক ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা ছিল।
তবে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন। তিনি জানান, এই তাণ্ডবের সঙ্গে দলের কোনো নেতাকর্মী জড়িত নন এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা করলে তার দায় দল নেবে না। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে এবং তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























