ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর লোহিত সাগর দিয়ে চলাচলকারী সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী অন্তত দুটি ট্যাংকার তাদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা এলএসইজির তথ্য অনুযায়ী, এই পরিবর্তনের ঘটনাটি ঘটেছে হুতিদের সাম্প্রতিক সতর্কবার্তার পর।
সোমবার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ‘সিন লং ইয়াং’ নামের একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার। তবে লোহিত সাগর এলাকা অতিক্রম করার আগেই জাহাজটি ইউ-টার্ন নিয়ে সুয়েজ খালের দিকে যাত্রা শুরু করে। একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছে ‘রোডোস’ নামের আরেকটি আফ্রাম্যাক্স ট্যাংকার। ভারতের জন্য প্রায় ৭ লাখ ব্যারেল সৌদি তেল বহনকারী এই জাহাজটিও মঙ্গলবার সুয়েজ খালের দিকে তার গতিপথ পরিবর্তন করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই রুট পরিবর্তনের মূল কারণ হুতি গোষ্ঠীর সাম্প্রতিক ঘোষণা। গত সোমবার (২০ জুলাই) হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়। একই সঙ্গে তারা বিভিন্ন শিপিং কোম্পানিকে ই-মেইল পাঠিয়ে সতর্ক করে দেয় যে, সৌদি বন্দরে পণ্য ওঠানামা করা যেকোনো জাহাজ তাদের লক্ষ্যবস্তু হতে পারে। বর্তমানে হুতি বিদ্রোহীরা উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চলের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালির উপকূলীয় অংশ নিয়ন্ত্রণ করছে।
মন্তব্য করুন