
ত্রয়োদশ জাতীয় সংসদের সকল সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সর্বশেষ চারটি নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংসদের মোট ৫০টি স্থায়ী কমিটির কাঠামো পূর্ণতা পেল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের বৈঠকে চিফ হুইপ মো. নুরুল ইসলাম নতুন কমিটি গঠন ও বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন, যা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
নবগঠিত চারটি কমিটির মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি। এসব কমিটিতে নতুন সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে। নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে।
এছাড়া শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ। অন্যদিকে, বরগুনা-২ আসনের সদস্য ও চিফ হুইপ মো. নুরুল ইসলামকে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। নতুন কমিটি গঠনের পাশাপাশি বেশ কয়েকটি বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে, তবে এসব কমিটির সভাপতি পদে কোনো পরিবর্তন আনা হয়নি।
পুনর্গঠিত কমিটিগুলোর তালিকায় রয়েছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, কৃষি, মহিলা ও শিশু বিষয়ক, যুব ও ক্রীড়া, শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এর মধ্যে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (কক্সবাজার-৪)।
উল্লেখ্য, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ১১টি বিষয়ভিত্তিক কমিটি হিসেবে কার্যক্রম পরিচালনা করে থাকে।
মন্তব্য করুন