কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ নিরোধ এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত দেব নাথ।
সভায় তথ্য সেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা বাল্যবিবাহের কুফল এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
অভিভাবক রোজিনা খাতুন বলেন, “অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে নানা ধরনের সমস্যা তৈরি হয়। আমার তিনটি কন্যাসন্তান রয়েছে। আমি তাদের অল্প বয়সে বিয়ে দেব না।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, বাল্যবিবাহের কারণে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়। এছাড়া অপ্রাপ্তবয়স্ক মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশুর শারীরিক ও মানসিক জটিলতা দেখা দেওয়ার আশঙ্কাও থাকে। তিনি বাল্যবিবাহের সঙ্গে জড়িত কাজী ও অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল, ওসমান গনি, আনোয়ার হোসেন, আবুল হোসেন, বিকাশ চন্দ্র দে, মোমেনা খাতুন এবং আরিফুল ইসলাম।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতি ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
সভায় অভিভাবক, শিক্ষার্থী এবং যুব প্ল্যাটফর্মের সদস্যরা অংশগ্রহণ করেন।
Leave a Reply