একাত্তরের ২৫ মার্চের নির্মম গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত পালন করা হবে।
সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মসূচির সময় সারা দেশে প্রতীকীভাবে সব ধরনের আলো নিভিয়ে রাখা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।
এছাড়া দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসে এই রাত ‘কালরাত’ হিসেবে পরিচিত। পরবর্তীতে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
Leave a Reply