ভূরুঙ্গামারীতে পাঁচ অদম্য নারী জয়িতা নির্বাচিত।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পাঁচজন অদম্য নারীকে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ‘জয়িতা’ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে নিজেদের সাফল্যগাঁথা তৈরি করা এই নারীরা সমাজে অনুপ্রেরণার প্রতীক।
এ বছর যেসব নারীরা জয়িতা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থনৈতিক সাফল্যে জয়মনিরহাট ইউনিয়নের ছালেহা খাতুন, শিক্ষা ও চাকরির সাফল্যে পাথরডুবি ইউনিয়নের শেফালী খাতুন, সফল জননী হিসেবে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সুফিয়া খাতুন, নির্যাতনের দুর্যোগ মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের রাবেয়া খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাইকেরছড়া আসমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। অতিথি হিসেবে আরও ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এএসআই শামসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে নারীর অগ্রযাত্রা আরও গতিশীল করতে জয়িতা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সাফল্য অন্য নারীদেরও এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply