তিস্তায় জেলেদের জালে ধরা পড়ছে সুস্বাদু বৈরালী মাছ
- আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
তিস্তায় জেলেদের জালে ধরা পড়ছে সুস্বাদু বৈরালী মাছ
তিস্তা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর বৈরালি মাছ। এ মাছটি সুস্বাদু হওয়ার কারণে চাহিদা বেশি থাকায় বিক্রিও হচ্ছে দেদারচ্ছে। এ মাছের ক্রেতাও প্রচুর। কিছুদিন আগেও নদীতে বৈরালি মাছ মিলছিল না। বর্তমানে ঝাঁকে ঝাঁকে বৈরালি মাছ ধরা পড়ায় খুঁশি জেলেরাও।
চলতি বছরে মে মাসে উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানিতে ঝাঁকে ঝাঁকে বৈরালি মাছ আসছে। তিস্তাপাড়ের জেলেরা জানান তিস্তা নদী থেকে প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছিল বৈরালি মাছ।
তিন-চার বছর থেকে তিস্তায় পানি কম আসার কারণে ব্যাপক চাহিদা থাকলেও সুস্বাদু এই মাছটি জেলেদের জালে ধরা পড়ছিল না।
রংপুরে অঞ্চলে অসম্ভব জনপ্রিয় সুস্বাদু বৈরালি মাছের যে সংকট সৃষ্টি হয়েছিল এবারে প্রচুর মাছ ধরা পড়ায় তা অনেকটাই কেটে গিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ উজানে ভারতের একাধিক জায়গায় বাঁধ দেওয়ার ফলে শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানি ও স্রোত কমে যায়। ফলে বৈরালি মাছের বংশবৃদ্ধিতে বেঘাত ঘটে।
পড়ুন>>দাম্পত্য কলহে সাতদিনের নবজাতককে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
আবার যখন নদীতে ঘোলা পানি আসে তখন বৈরালি মাছও গভীর পানিতে হারিয়ে যায়। তিস্তাপাড়ের নাজিরদহ চরের জেলে কবীর হোসেন (৪০) জানান, নদীর পানি কমে যাওয়ায় মাছও ঠিকমতো পাওয়া যাচ্ছিল না।
কয়েকদিন ধরে উজানের জোয়ারে নদীতে স্বচ্ছ পানি আসার পর ভরে গেছে বৈরালি মাছ। স্থানীয়ভাবে মাছটি বৈরালি নামে পরিচিত হলেও বৈজ্ঞানিক নাম-বারিলিয়াস বারিলা।
এ মাছটির গায়ের রং সাদা তবে বুকের নীচে হলুদ বর্ণ ধারণ করলে মাছটি পরিপক্ব হয়ে ওঠে অর্থাৎ স্বাদ বেড়ে যায়।
শনিবার দুপুরে কাউনিয়ার চর নাজিরদহ, ঠিকানার হাট,শহীদবাগ, তিস্তা সড়ক ও রেলসেতু পাড়, টেপামধুপুরের চরগনাই, ঢুষমারা, তালুকশাহবাজ গ্রামের বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি বৈরালি মাছ আকার ভেদে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বৈরালি মাছের পাশাপাশি বালিয়া, চিংড়ি, চেলা, ঢেলা,টোরা, টেংরা, পাবদা, পুটি, দারকা সহ নানা মিশালী মাছ প্রচুর ধরা পড়ছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ে খুশি।

























